আলী খামেনি হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যার নিন্দা জানিয়ে ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে শক্তি প্রয়োগ ও দ্বৈত মানদণ্ডের মাধ্যমে বিশ্বকে অস্থিতিশীল করার অভিযোগ তোলেন। একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য উদ্ধৃত করে ল্যাভরভ বলেন, একক আধিপত্যবাদীর একনায়কতন্ত্র নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এর আশপাশের সবার জন্যই তা বিপজ্জনক। একই সঙ্গে তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলো নিজেদের সার্বভৌম উন্নয়নকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করায় আরও ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠছে।

ল্যাভরভ চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র আটক করার ঘটনাটিরও নিন্দা জানান। তিনি তাদের যুক্তরাষ্ট্রে ‘বিচারবহির্ভূত আটক’ করা হয়েছে বলে অভিযোগ তুলে অবিলম্বে মুক্তির দাবি জানান।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতিনীতির গুরুতর লঙ্ঘন এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক নজির হিসেবে বর্ণনা করেন।

আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সদস্যদের হত্যারও নিন্দা জানান ল্যাভরভ। তিনি এসব হত্যাকাণ্ডকে ‘জবরদস্তিমূলক নির্দেশ চাপিয়ে দেওয়ার আরেকটি অগ্রহণযোগ্য প্রকাশ’ বলে অভিহিত করেন।

ল্যাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিস্তৃত সামরিক অভিযানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে। তার দাবি, এসব হামলার ফলে জাতিসংঘ-সমর্থিত পরমাণু নজরদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থার ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি