তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এসকিশেহির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের বহনকারী হেলিকপ্টারটি ছিল ফরাসি নির্মিত এএস-৫৩২ কুগার (AS-532 Cougar) মডেলের। প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এসকিশেহির থেকে উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি প্রদেশটির তেপেবাসি জেলার ইয়োরুকাকচাইর এলাকার কাছে অবস্থিত, যা এসকিশেহির শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে হেলিকপ্টারটির পাঁচ আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তারা হলেন—কর্নেল মেহমেত চোল, সিনিয়র মাস্টার সার্জেন্ট মেহমেত আলপ গুরদাগ, সিনিয়র মাস্টার সার্জেন্ট মুহাম্মদ নুরুল্লাহ এরাসলান, সিনিয়র মাস্টার সার্জেন্ট ভলকান দেমিরহান এবং ফার্স্ট লেফটেন্যান্ট হালিল কারাবুলুত। নিহতদের মধ্যে দুজন পাইলট এবং একজন উড়োজাহাজ রক্ষণাবেক্ষণকর্মী ছিলেন।
তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর দেশটির মালাতিয়া প্রদেশে একটি এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।
পরপর দুটি দুর্ঘটনায় তুরস্কের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স।