জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এ কয়েকটি দেশ অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে আলোচনা এগিয়ে নেওয়ার পথে বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম।
রোববার (২২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কিছু দেশ নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ নিয়ে অতিরিক্ত বিতর্কে জড়িয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কহীন বিষয়ও আলোচনায় এনেছে। এতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
তুরস্কের পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কুরুমের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, আলোচনা এগিয়ে নিতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ১৯৬টি দেশের। অংশগ্রহণকারী দেশগুলোর সিদ্ধান্ত তাঁরা সম্মান করবেন।
কুরুম জানান, কপ-৩১ এর সভাপতিত্বের দায়িত্বে থাকা তুরস্কের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সমুদ্র ও পাহাড়ি পরিবেশ রক্ষা, প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য বজায় রাখা এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্বন ধারণ প্রযুক্তির প্রসারে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে এসব প্রস্তাব নিয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। কয়েকটি দেশ প্রস্তাবিত চূড়ান্ত সিদ্ধান্তের খসড়াকে সমর্থন করলেও অন্যরা বিরোধিতা করে। ফলে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
কুরুম স্পষ্ট করে বলেন, ঐকমত্য না হলে তুরস্ক নতুন কোনো খসড়া তৈরি করবে না। তাঁর ভাষায়, এখন থেকে আর কোনো নতুন পাঠ বা প্রস্তাবের খসড়া তৈরি করা হবে না। ঐকমত্যহীন পরিস্থিতিতে নতুন করে আলোচনা এগিয়ে নেওয়ারও উদ্যোগ নেওয়া হবে না।
দীর্ঘ আলোচনা চলার পরও সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেন কপ৩১ সভাপতি। তিনি সতর্ক করে বলেন, এভাবে অচলাবস্থা চলতে থাকলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। শুধু বৈঠক করা, কিন্তু আলোচনার কক্ষে কোনো সিদ্ধান্ত নিতে না পারা—এমন ব্যবস্থায় কারও লাভ নেই।
কুরুম আরও জানান, সম্মেলনে সমঝোতা তৈরির লক্ষ্যে তুরস্ক ও অস্ট্রেলিয়া পুরো সময়জুড়ে কাজ করেছে। আলোচনা এগিয়ে নিতে যেসব দেশ সহযোগিতা করেছে, তাদের ধন্যবাদও জানান তিনি।
তিনি বলেন, প্যারিস চুক্তির আওতায় আগে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবে কপ-৩১ এর সভাপতিত্ব। তবে নতুন সিদ্ধান্তে পৌঁছাতে ঐকমত্য প্রতিষ্ঠার চূড়ান্ত দায়িত্ব অংশগ্রহণকারী দেশগুলোর ওপরই থাকবে।
সূত্র: আনাদোলু
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও ‘আগ্রাসী’ হয়েছে: ট্রাম্প
ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে: গালিবাফ