নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দেশটিতে এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৩৬২ জন। শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল জানান, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালি নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী রয়েছেন। এছাড়া নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৪৯৯ জন। তাদের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর রয়েছে। পাশাপাশি ২১১টি আংশিক মানবদেহের অবশেষ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যার পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে আহত ২ হাজার ৩০১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ এবং ৭৯৫ জন নারী রয়েছেন।
প্রবল বন্যায় ঘরবাড়ি হারিয়ে নুয়াকোটের নয়টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্রায় ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তবে ধাদিংয়ের আশ্রয়কেন্দ্রে থাকা সব বাস্তুচ্যুত মানুষকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজদের উদ্ধারে এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।