মুসলমানশূন্য ভারত চাইলে হিন্দু থাকা যাবে না: মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আন্তধর্মীয় সংলাপে ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শনিবারের ওই অনুষ্ঠানে তিনি ‘মুসলমানদের কী হবে?’—আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে তাকে করা এমন প্রশ্নের জবাব দেন।

ভাগবত বলেন, কেউ নিজেকে হিন্দু বলতে চাইলে তাকে বিশ্বাস করতে হবে যে সব পথ একই লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা সমান। মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে ভাগবত বলেন, এক অনুষ্ঠানে উপস্থিত মুসলিম ব্যক্তিরা তাকে প্রশ্ন করেছিলেন—আরএসএস যেহেতু হিন্দু সংগঠন এবং ‘হিন্দু রাষ্ট্র’-এর কথা বলে, তাহলে মুসলমানদের কী হবে? তাদের কি ভারত থেকে বের করে দেওয়া হবে? জবাবে তিনি বলেছিলেন, ‘না, সেটি হিন্দুত্ব নয়।’

তিনি আরও বলেন, ‘কোনো হিন্দু যদি মনে করেন ভারতে কোনো মুসলমান থাকা উচিত নয়, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।’

আরএসএস স্বেচ্ছাসেবকদের মানবিক কর্মকাণ্ডের উদাহরণ দিতে গিয়ে ভাগবত ১৯৯৬ সালে হরিয়ানার দাদরিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, দুর্ঘটনার পর আরএসএসের স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসায় সহায়তা করেন, মরদেহ উদ্ধার করেন এবং শেষকৃত্যের ব্যবস্থা করেন।

ভাগবত বলেন, ওই সময় স্বেচ্ছাসেবকেরা আহত বা নিহত ব্যক্তিরা মুসলমান কি না, তা বিবেচনা করেননি। তিনি দাবি করেন, আরএসএস রাজনীতির বাইরে থাকায় এ ধরনের মানবিক কাজ করতে পেরেছে। সংগঠনটি এসব কাজ প্রচার করে না বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৬ সালের ওই দুর্ঘটনাটি ছিল সৌদি আরবের একটি বোয়িং ৭৪৭ ও কাজাখস্তানের একটি ইলিউশিন ইল-৭৬ বিমানের মধ্যাকাশে সংঘর্ষ। দুর্ঘটনায় ৩৪৯ আরোহীর সবাই নিহত হন। এটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্র সফরে থাকা ভাগবতকে নিয়ে নিউইয়র্কে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত ও মুসলিম মেয়র জোহরান মামদানি আরএসএসকে সাম্প্রদায়িক সংগঠন হিসেবে সমালোচনা করেছেন। আরএসএসকে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক উৎস হিসেবেও উল্লেখ করা হয়।

ভাগবতের সাম্প্রতিক বক্তব্যে হিন্দুত্ব, ধর্মীয় সহাবস্থান ও ভারতের মুসলিম জনগোষ্ঠীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি