উড্ডয়নের পর মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিনে তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ভারতের কেরালা থেকে আবুধাবিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজকে জরুরি ভিত্তিতে ফিরে আসতে হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজটি। ‘নাইন-৪১৫’ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর সমস্যাটি শনাক্ত করেন একজন পাইলট।
পাইলট দেখতে পান, উড়োজাহাজটির প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ প্রায় শেষ হয়ে এসেছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেন তিনি ও অন্য পাইলটরা। তারা আবুধাবির পথে না গিয়ে উড়োজাহাজটি কোচি বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, ইঞ্জিনে তেলের মাত্রা যে পর্যায়ে নেমে গিয়েছিল, তাতে বিমানটির আবুধাবি পৌঁছানো সম্ভব ছিল না। কোচিতে ফেরার পথেও তেলের চাপ আরও কমে যায়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পাইলটরা প্রথম ইঞ্জিনটি বন্ধ করে দেন।
ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করলেও শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজের সব যাত্রী নিরাপদে রয়েছেন। তবে বিমানে মোট কতজন যাত্রী ও ক্রু ছিলেন, তা জানানো হয়নি।
কী কারণে ইঞ্জিনে তেলের এই সংকট তৈরি হয়েছিল, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর ইঞ্জিন বন্ধ হয়ে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু এবং মাটিতে থাকা ১৯ জন নিহত হন।