উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করলেন সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান সফরে সন্ত্রাসবাদ নির্মূল এবং খাইবার পাখতুনখাওয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শুক্রবার  (২০ নভেম্বর) মিরানশাহ সফরে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ নির্মূল এবং দীর্ঘদিনের অভিযানে অর্জিত শান্তি ধরে রাখতে নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। সফরে আসিম মুনিরকে উত্তর ওয়াজিরিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান এবং সন্ত্রাসবিরোধী তৎপরতার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সন্ত্রাসবিরোধী অভিযানে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ বাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ ও দৃঢ়তার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তায় তাঁদের পেশাদারিত্ব, প্রস্তুতি ও নিষ্ঠার প্রশংসা করেন। মিরানশাহ পৌঁছে পেশোয়ার কর্পস কমান্ডার তাঁকে স্বাগত জানান। পরে পাকিস্তান সেনাবাহিনীর শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর একদিন আগে বেলুচিস্তানের তুরবাত সফর করেন আসিম মুনির। সেখানেও তাঁকে নিরাপত্তা পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবিরোধী চলমান অভিযান সম্পর্কে অবহিত করা হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, উত্তর ওয়াজিরিস্তান ও বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চার সেনা সদস্য নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন মেজর রয়েছেন। এসব অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার কথাও জানানো হয়। এর আগের সপ্তাহে একই দুই অঞ্চলে পৃথক অভিযানে ৭৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছিল পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে ইসলামাবাদভিত্তিক স্বাধীন নিরাপত্তা গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) অক্টোবর মাসের প্রতিবেদনে পাকিস্তানে সন্ত্রাসী সহিংসতা কমার তথ্য তুলে ধরেছে। সংস্থাটির হিসাবে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশজুড়ে সন্ত্রাসী হামলা ৩৭ শতাংশ কমেছে। এসব হামলায় নিহতের সংখ্যা কমেছে ৫৭ শতাংশ এবং আহতের সংখ্যা কমেছে ৭১ শতাংশ।

বেলুচিস্তানে অক্টোবর মাসে হামলার সংখ্যা ১৩২ থেকে কমে ৭১টিতে দাঁড়িয়েছে, যা ৪৬ শতাংশ হ্রাস। হামলায় নিহতের সংখ্যা ১৩৬ থেকে কমে ৪৪ জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা ৬৩ থেকে কমে ৩৭ জন হয়েছে।

মূল খাইবার পাখতুনখাওয়ায় অক্টোবরে ৪০টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে পিআইসিএসএস। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৫৮। হামলায় নিহতের সংখ্যা ৯০ থেকে কমে ৩৮ জনে এবং আহতের সংখ্যা ১৬৫ থেকে কমে ১৯ জনে দাঁড়িয়েছে।

তবে খাইবার পাখতুনখাওয়ার সাবেক উপজাতীয় জেলাগুলোতে পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। অক্টোবরে সেখানে ৩০টি হামলা হয়েছে, সেপ্টেম্বরে হয়েছিল ৩৪টি। নিহতের সংখ্যা ৩৩ থেকে কমে ২৫ জন হলেও আহতের সংখ্যা ১১ থেকে বেড়ে ১৩ জন হয়েছে।

সন্ত্রাসবিরোধী অভিযান ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার অক্টোবরে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করে। প্রাদেশিক সরকার সন্ত্রাসবিরোধী লড়াই থেকে ইচ্ছাকৃতভাবে সরে দাঁড়িয়েছে-এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নেয়।

সূত্র: ডন