বিশ্বে স্বর্ণ উৎপাদনের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার দেশ চীন। মূল্যবান এই ধাতু উত্তোলনে অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে থাকা চীন ২০২৫ সালে মোট ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে। আগের বছরও দেশটি ৩৮০ দশমিক ২ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষ অবস্থানে ছিল।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী, স্বর্ণ উৎপাদনের পাশাপাশি ব্যবহারেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন। নিজস্ব খনি থেকে উত্তোলনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করেও দেশটি স্বর্ণ উৎপাদন করে।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।
এই উৎপাদনের মধ্যে দেশের নিজস্ব খনির কাঁচামাল থেকে এসেছে ২২০ দশমিক ৯৩৫ টন। আর আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক ০৫৫ টন স্বর্ণ।
উৎপাদনে নিম্নমুখী প্রবণতা থাকলেও দেশটিতে স্বর্ণের সামগ্রিক ব্যবহার বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ২৮ শতাংশ বেশি।
তবে স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। গয়না তৈরিতে এ ধাতুর ব্যবহার ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমে ১৭৮ দশমিক ৬১২ টনে নেমেছে। অন্যদিকে বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের বার ও কয়েনের জনপ্রিয়তা বেড়েছে। এ সময়ে এসব পণ্যের ব্যবহার ২৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪৪৪ দশমিক ৫৭৬ টনে পৌঁছেছে।
এ ছাড়া শিল্প ও অন্যান্য খাতে স্বর্ণের ব্যবহার হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতে ব্যবহার বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে স্বর্ণের বাজারদরে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। বছরের শুরুতে দাম বাড়লেও পরবর্তী সময়ে কিছুটা কমে আসে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়ে থাকায় বাজারে বিনিয়োগের ঝুঁকিও বেড়েছে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটার হিসাব অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি স্বর্ণখনি চালু রয়েছে। এর মধ্যে ১১৭টি খনির অবস্থান চীনে।
২০২৩ সালের উৎপাদন পরিসংখ্যান অনুযায়ী, চীনের উল্লেখযোগ্য পাঁচটি স্বর্ণখনি হলো শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন এবং দে শিং মাইন।
এই খনিগুলোর মধ্যে শাসি কপার মাইন থেকে ২০২৩ সালে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স স্বর্ণ উৎপাদিত হয়। একই সময়ে ইশিংঝাই গোল্ড মাইন থেকে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স। বাকি খনিগুলোও দেশটির স্বর্ণ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
স্বর্ণ উৎপাদনে ধারাবাহিক শীর্ষ অবস্থানের পাশাপাশি বিনিয়োগের বাজারেও চীনের প্রভাব যে বাড়ছে, দেশটির সাম্প্রতিক উৎপাদন ও ব্যবহারের পরিসংখ্যানে তার প্রতিফলন দেখা যাচ্ছে।