যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে অচলাবস্থা চলার মধ্যেই নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ সফল না হওয়ায় দেশটির নেতা কিম জং-উন এখন ওয়াশিংটনের সঙ্গে সংলাপে আগ্রহ দেখাচ্ছেন না। বরং চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের রোববারের (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর কিমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তার লক্ষ্য উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরিয়ে আনা। তবে সাম্প্রতিক এশিয়া সফরেও কিমের সঙ্গে বৈঠকের কোনো ব্যবস্থা করতে পারেননি তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত বছর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তাতে সাড়া না পেয়ে তিনি সরাসরি একটি চিঠিও পাঠান। হোয়াইট হাউসের কর্মকর্তারা জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের এক কূটনীতিকের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু পরবর্তী সময়ে জাতিসংঘের একটি বৈঠকে চিঠিটি না খুলেই মার্কিন কর্মকর্তার কাছে ফেরত দেওয়া হয়।
অন্যদিকে, পিয়ংইয়ংয়ের অবস্থানও স্পষ্ট। উত্তর কোরিয়ার দাবি, পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা। বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক সমর্থন কিমকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিন দফা বৈঠক হয়েছিল। ২০১৮ সালে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো কার্যকর চুক্তি হয়নি। পরবর্তী সময়ে কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি আরও এগিয়েছে।
যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে দেশটির কাছে আনুমানিক ২০ থেকে ৩০টি ওয়ারহেড ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অনুমান, এই সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে পারে। তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক ওয়ারহেডের মজুত প্রায় ৫ হাজার ৪২টি।
এ ছাড়া উত্তর কোরিয়ার কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছানোর সক্ষমতা অর্জন করেছে বলেও মনে করে ওয়াশিংটন।
চলতি সপ্তাহে চীনে অ্যাপেক সম্মেলনকে ঘিরে ট্রাম্প একাধিকবার কিমের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। এমনকি উত্তর কোরিয়ার নেতাকে নিজের বন্ধু হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও কিমের সঙ্গে সাক্ষাৎ ছাড়াই চীন ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের চীন সফরের সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিমকে একটি স্কি রিসোর্ট ও নৌ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা যায়। এতে দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি করানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়নেও বলা হয়েছিল, কিম তার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী নন।
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদের পর উত্তর কোরিয়া আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা আরও সুসংহত করেছে। দেশটি তার পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় হিসেবেও ঘোষণা করেছে। একই সময়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে পিয়ংইয়ং। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সামরিক সম্পর্কও নতুন মাত্রা পেয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ।