ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে কোনো চুক্তি না হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানের আলোচকদের সমালোচনা করে তাঁদের ‘পেশাদার কথার কারিগর’ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষায়, তারা শুধু কথা বলে যাচ্ছে, কিন্তু এসব কথার কোনো বাস্তব মূল্য নেই।
এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলার মধ্যেই তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে অবরোধ পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সতর্ক করে বলেন, অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা ইরানি জাহাজগুলোকে আক্রমণ করে ডুবিয়ে দেওয়া হবে। অবরোধ অতিক্রমের চেষ্টা করা কোনো জাহাজের ওপর মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও ইঙ্গিত দেন তিনি।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখার পর আন্দোলনকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।
হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন করে হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এসব বক্তব্য এল। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
যুদ্ধের অবসান ঘটাতে জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।
যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চললেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে।
সূত্র: আনাদোলু
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও ‘আগ্রাসী’ হয়েছে: ট্রাম্প
ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে: গালিবাফ