ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে কারওয়ান বাজার মোড় অবরোধ করেছিলেন ব্যবসায়ীরা। তবে পুলিশের হস্তক্ষেপে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়েছেন। এতে যান চলাচল আবার শুরু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে নেমেছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এসময় এই অবরোধে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে টানা ২ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে কারওয়ান বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনায় এনইআইআর সংস্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় বিক্ষোভ দেখান তারা। এ সময় শত শত মোবাইল ফোন ব্যবসায়ী রাস্তায় নেমে আসেন রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গত রোববার বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছিলেন মোবাইল ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে- মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ।

আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

