রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে সিটিটিসির ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
এর আগে গতকাল বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্ব অভিযান পরিচালনা হচ্ছে। সঙ্গে রয়েছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন বাসা, সরু গলি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
অভিযানের বিষয়ে এডিসি জুয়েল রানা বলেন, অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

