রাজধানীর কদমতলী এলাকার একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারা আগুনের খবর পায়। খবর পাওয়ার মাত্র ১৩ মিনিটের মাথায় অর্থাৎ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বর্তমানে ৫টি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মাতুয়াইল এলাকার সাদ্দাম মার্কেটের কাছে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার বিপরীত পাশের একটি ফোম কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশে শত শত উৎসুক মানুষ ভিড় জমান।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।