পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) এক সমন্বয় সভায় পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্পষ্ট নির্দেশ দিয়েছেন—মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সভায় ডিএমপি কমিশনার বলেছেন, পবিত্র আশুরার কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হলে সবার সমন্বিত দায়িত্ব পালন জরুরি। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
হোসাইনী দালান ইমামবাড়া ও আশপাশের এলাকা থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। দুর্ঘটনা প্রতিরোধে ডগ স্কোয়াড মোতায়েন করা হবে এবং ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
এছাড়া, সমন্বয় সভার শুরুতে যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আশুরার দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে, যাতে মিছিল নির্বিঘ্নে চলতে পারে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসও প্রস্তুত থাকবে।
তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর চার বাস টার্মিনাল যেসব জায়গায় স্থানান্তরিত হচ্ছে