মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৫০ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। 

বৃহস্পতিবার (২১ মে) সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র‍্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিশ্বস্তের ঘটনায় কোমলমতি ২৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৫ জন শহীদ এবং অনেক শিশু, কিশোর আহত হয়েছে। ওই ঘটনায় আমাদের পরিবারের সদস্যদের চোখের সামনে আমরা আমাদের নিষ্পাপ শিশুদের জ্বলন্ত আগুনে পুড়ে, দ্বিখণ্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি এবং অসহায় হয়ে তাদের মৃত্যুবরণ করতে দেখেছি। তারা শুধু আমাদের সন্তানই ছিল না, তারা ছিল আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ চলার অবলম্বন এবং দেশ ও জাতির ভবিষ্যৎ। উক্ত ঘটনায় আমাদের কিছু কিছু অভিভাবক তাদের দুই সন্তান, একমাত্র সন্তান বা একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে চিরতরে নিঃসন্তান ও নির্বংশ হয়েছি।

তারা বলেন, বিমান বিধস্তের ঘটনার পর থেকে আজ পর্যন্ত শহীদ পরিবার বিভিন্ন দপ্তর, তদন্ত কমিশনে, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে ন্যায় চেয়েছি। বিচার প্রাপ্তির আশ্বাস পেয়ে দীর্ঘ প্রায় ১০ মাসেও ন্যায় বিচারের আশ্বাস বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে শহীদ পরিবার কোনো প্রকার অন্যায় বা আন্দোলন না করে শান্তিপূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের শরণাপন্ন হয়। আমরা ন্যায় বিচার চাই, আমরা সুরক্ষা চাই, ন্যায় বিচারের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের পক্ষে উপস্থিত ছিলনে উসাই মং মারমা, আশিকুর রহমান, রেজাউল করিম।

AHA
আরও পড়ুন