প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজন করা সম্ভব না হলে বিকল্প স্থান হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জামাত শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত করা অসম্ভব হলে, ঈদের প্রধান জামাতটি সরিয়ে নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সে ক্ষেত্রে সময় পুনর্নির্ধারণ করে সকাল ৮টায় সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের প্রধান জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় কঠোর নিরাপত্তা ও পর্যাপ্ত অজুর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে এই প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের ঈদগাহে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন