প্রেসক্লাবে ‘ঈদে গাদির’ উপলক্ষে সেমিনার

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:০৪ পিএম

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ঈদে গাদির উদ্‌যাপনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে সাদরিয়া সোসাইটি, ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ, হেরাবন এবং তরিকতে আহলে বাইত বাংলাদেশের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাদরিয়া সোসাইটির চেয়ারম্যান আনোয়ার আহমেদ শিবলী। বিশেষ অতিথি ছিলেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ খান। আহম্মেদ কামরুল মুর্শেদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক ও ধর্মতত্ত্ববিধ মুহাম্মদ তানিম নওশাদ। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মাহমুদুল হাসান, লিয়াকত আলী খান ও শফিকুল ইসলাম বাদল।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, সুফি সদর উদ্দিন আহমদ চিশতীর ‘মাওলার অভিষেক’ ও ‘ইসলাম ধর্মের মতভেদের কারণ’ বইতে মাওলায়াতের বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনিই প্রথম এই দেশের মানুষের কাছে গাদিরে খুমের ঘটনাকে তুলে ধরেন।

বিজ্ঞানী মোবারক হোসেন বলেন, ইতিহাসের ঘটনাগুলো কেবল পড়লেই চলবে না। এর সূক্ষ্ম বিশ্লেষণ করে সত্যকে গ্রহণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আহমেদ শিবলী বলেন, মানুষ অনেক কিছু জানলেও নতুন কিছুকে গ্রহণ করতে পারে না। সত্যের সন্ধান পেতে হলে নিরপেক্ষতা অপরিহার্য। মানুষের কোনো কিছুকে গ্রহণ ও বর্জনের একটি নীতি আছে, যা তাকে মুক্তির পথে পরিচালিত করতে পারে। ধর্মের মূল শিক্ষাও সেই গ্রহণ-বর্জনের নীতির মধ্যেই নিহিত। নিরপেক্ষতার চর্চা ছাড়া সত্যকে কেউ পাবে না। মূলত মাওলার অভিষেক দিবসে মাওলাকে আপন আপন সত্তায় অভিষিক্ত করার উপর গুরুত্ব দিয়ে পবিত্র কোরানের সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা চালুর আহ্বান জানান।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত