গুলশানে এডিসের লার্ভা পাওয়ায় রেস্তোরাঁকে জরিমানা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:১৮ পিএম

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্সের প্রথম বিশেষ মশক নিধন অভিযানে গুলশানের একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় গুলশান ইয়ুথ ক্লাব মাঠের সংলগ্ন এলাকায় এই অভিযান ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত এই টাস্কফোর্সের বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অভিযানে গুলশানের ৭ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরিদর্শন করা গুলশানের অন্য ছয়টি বাড়ির মধ্যে তিনটিতেই লার্ভার উপস্থিতি মেলায় সেগুলোকে আর্থিক জরিমানার আওতায় আনা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শুধুমাত্র ঢাকা মহানগরে মশক নিধন অভিযান জোরদার করার জন্য এই জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসম্পৃক্ততা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজ টাস্কফোর্সের প্রথম মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হলো।

এদিনের কার্যক্রমে মশার বংশবৃদ্ধি স্থায়ীভাবে রোধ করতে লার্ভা ধ্বংসকারী দীর্ঘমেয়াদি ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও বিভিন্ন জমা পানিতে তা প্রয়োগ করা হয়। একই সঙ্গে নিজস্ব নিরাপত্তা ও জনস্বার্থে নাগরিকদের বাড়ির ফুলের টব, টায়ার এবং পরিত্যক্ত বালতির জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

SN
আরও পড়ুন