মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৩৪৪

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

রাজধানীতে মাদক কারবার, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে চার এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টার এ অভিযানে ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান চালানো হয় মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া থানা এলাকায়। এতে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াট, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, চার এলাকায় গ্রেপ্তার হওয়া ৩৪৪ জনের মধ্যে পল্লবীতে ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ জন এবং গেন্ডারিয়ায় ৩৮ জন রয়েছেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাঁদের আদালতে পাঠানো হবে। অন্যদের ক্ষেত্রে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সংশ্লিষ্ট চার থানার পুলিশের পাশাপাশি ডিবি, এপিবিএন ও এসআরবির সদস্যরাও অংশ নেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত