বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ পরিস্থিতিতে কোনো একক আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার স্থায়ী সমাধান দিতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।।
শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
আল-উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তার মতে, বৈচিত্র্য, ভিন্নমতের অবাধ আদান-প্রদান এবং মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমেই বৈশ্বিক সংকটের কার্যকর ও টেকসই সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি ও বিভাজন বাড়লেও জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগই বিশ্বাসযোগ্য জ্ঞানচর্চার ক্ষেত্র তৈরি করতে পারে এবং গবেষণামূলক আলোচনায় অবদান রাখতে সক্ষম।
বৈচিত্র্যকে মানব সভ্যতার স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক ভিন্নতা প্রকৃতির নিয়ম। কোনো একক পরিচয় বা গোষ্ঠীর পক্ষে বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সব মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের সম্মিলিতভাবে সভ্যতার কল্যাণে সাধারণ সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, একটি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং তারা বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মতপ্রকাশের স্বাধীনতা ও মতাদর্শিক আদান-প্রদানের পরিবেশই প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের খ্যাতনামা লেখক ও শিক্ষাবিদ ইয়াসিন আকতাই। স্বাগত বক্তব্য প্রদান করেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।
ভূমিকম্পে ঢাকার ভবন ধসের চেয়ে বড় আতঙ্ক ‘দেবে’ যাওয়া
নিয়ন্ত্রণে চকবাজারের আশিক টাওয়ারের আগুন