রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৯টি মামলা দায়ের করা হয়।
শনিবার (১১ জুলাই, ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে সর্বোচ্চ ৭৮ জন করে গ্রেপ্তার হয়েছে তেজগাঁও ও মিরপুর বিভাগে। এছাড়া মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারীতে ৫৯ জন, রমনায় ৫৩ জন, লালবাগে ২৯ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৪৩ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা এবং ছয় ক্যান দেশীয় হান্টার বিয়ার জব্দ করা হয়। মাদক ছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ও নগদ ১,৫৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে অভিযান
বংশালের গুদামে বিস্ফোরণ, দেয়াল ধসে ব্যবসায়ী নিহত