রাজধানীতে ভারী বৃষ্টি, কম দৃশ্যমানতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) ভোর থেকে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। নিরাপদে অবতরণ করতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া অর্ধশতাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ রোববার (১২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই কারণে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে আবুধাবি, শারজাহ, দুবাই, জেদ্দা, কুয়ালালামপুর, মদিনা, সৈয়দপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটের অন্তত ৫০টি ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবতরণ করে। কয়েকটি ফ্লাইটের উড্ডয়নও নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, শনিবার রাতভর বৃষ্টির পর রোববার সকালে দৃশ্যমানতা কমে যায় এবং বাতাসের তীব্রতাও বেড়ে যায়। এসব কারণে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
ফ্লাইট চলাচলে এই বিঘ্নের প্রভাব পড়ে বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে। সকাল থেকে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে টার্মিনালে যাত্রীদের চাপ বাড়ে এবং ভোগান্তির সৃষ্টি হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাতভর বৃষ্টিতে ডুবলো রাজধানী, তীব্র জলাবদ্ধতায় দুর্ভোগ
গ্রিডে আগুন, রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন
রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১