বনানীতে স্লিপার বাস মালিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

সারা দেশে চলাচলরত স্লিপার বাসের বৈধতা ও সুষ্ঠু পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীমুখী সড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন সমিতির নেতাকর্মীরা।

এর আগে স্লিপার বাসের মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে এসব দাবি নিয়ে স্মারকলিপি দিতে বিআরটিএ কার্যালয়ের দিকে যান সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা।

সমিতির নেতারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার দাবি জানিয়েছেন তারা।

তাদের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে স্লিপার বাস খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান এবং আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ করা।

মালিক সমিতির নেতাদের দাবি, স্লিপার বাস খাতে ইতোমধ্যে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই পরিবহন খাতের সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। বিকল্প ব্যবস্থা না করে স্লিপার বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট শ্রমিকরাও বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

তারা আরও বলেন, স্লিপার বাস বন্ধ করে দেওয়ার পরিবর্তে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তা কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এ লক্ষ্যে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন তারা।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি বিধিবিধান মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনসেবা পুরোপুরি বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালা প্রণয়ন করা জরুরি।

এদিকে সড়ক অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চালানোর অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

MCH
আরও পড়ুন