রাজধানীতে পাঁচ মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের কারো পরিচয় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত শনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত চার জন ভবঘুরে প্রকৃতির ছিলেন। সংশ্লিষ্ট থানাপুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার শনিরআখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঐ ব্যক্তি যাত্রাবাড়ী এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ হয়ে সড়কের পাশে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। নাসির নামের একটি ওষুধ কোম্পানির এক প্রতিনিধি তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সকালে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তারও পরিচয় পাওয়া যায়নি। নাসিরের ধারণা, অসুস্থতা ও না খেয়ে থাকার কারণে ঐ ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

অন্যদিকে, শাহবাগ থানার আওতাধীন ঢামেক হাসপাতালের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীকে (৩০) অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা তাকে সেখানে রেখে গেছে, নাকি তিনি নিজেই সেখানে পড়ে গিয়েছিলেন—তা নিশ্চিত হওয়া যায়নি। পরে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে কামরাঙ্গীরচর থানার জাউয়াহাটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়। থানার ডিউটি অফিসার এসআই প্রাণেশ্বর দাস জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, ঐ ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তার পরিচয় কেউ জানতেন না। প্রাথমিকভাবে তাকেও ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই বিজয় মণ্ডল বিকালে মরদেহটি উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠান। তার পরিচয়ও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন।

ওয়াইএ
আরও পড়ুন