গভীর রাতে মোহাম্মদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে দাঁড়িয়ে থাকা একটি মিডলাইন বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাসটির ইঞ্জিনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে পার্কিং করা বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১ নম্বরের মিডলাইন বাসটি পুলের সামনে পার্ক করা ছিল। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পাওয়া যায়।

ওসি জানান, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। এ কারণে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এমইউ
আরও পড়ুন