রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৩১টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ২৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গোয়েন্দা বিভাগে ২০ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি, দুটি সুইস গিয়ার চাকু, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত