নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশের এসআই আহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ এএম

নাটোরে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে সাব-ইন্সপেক্টর (এসআই) মামুন হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

 

আহত এসআই মামুন হোসেন নাটোর পুলিশ লাইনে কর্মরত বলে জানা গেছে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, ডিউটি শেষে তিনি বাসায় ফিরে নিজের ব্যবহৃত সরকারি পিস্তলটি সংরক্ষণ করার সময় অসাবধানতাবশত সেটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে।

 

নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, ‘সাব-ইন্সপেক্টর মামুনের নিজের ব্যবহৃত পিস্তল থেকে মিস ফায়ারের ঘটনা ঘটে। এতে তার পায়ে গুলি লাগে। পরে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

 

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিউটি শেষে বাসায় ফিরে পিস্তলটি রাখার পর কোনোভাবে এটি সক্রিয় হয়ে যায়। এমনও হতে পারে, তার শিশু সন্তানের স্পর্শে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।’

 

পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি এস আই মামুন হোসেনের পায়ে লেগেছে এবং তা গুরুতর নয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

HN
আরও পড়ুন