মাদারীপুর থেকে দেখা গেলো রহস্যময় আলোক রশ্মি, কৌতূহল আর আতঙ্ক

আপডেট : ০৯ মে ২০২৬, ১২:৪০ এএম

মাদারীপুরের আকাশে হঠাতই দেখা গেলো অবাককরা এক আলোক রশ্মি। শুক্রবার সন্ধ্যার পর শহরের জজকোর্ট, মোস্তফাপুর, শিবচরসহ বিভিন্ন এলাকার লোকজন আকাশে এই আলোক রশ্মি দেখতে পান।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে এই আলোক রশ্মি দেখা যায়। বিষয়টিতে কৌতুহল জাগে স্থানীয়দের।

 

এ সময় এই দৃশ্য মোবাইলে অনেকেই ভিডিও করে রাখেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের পর আবার হঠাৎ উধাও হয়ে যায় এই আলোক রশ্মি।

 

হঠাৎ এমন অদ্ভুত আলো দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করেন।

 

শিবচরের হাতির বাগান এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এমন আলোক রশ্মি দেখে আতঙ্কিত হয়ে যাই। পরে মোবাইলে ভিডিও ধারণ করার পরপরই এটি উধাও হয়ে যায়। প্রশাসন থেকে জানানো উচিৎ এটি আসলে কী ছিল।

 

শহরের জজ কোর্ট এলাকার সাইফুল ইসলাম নয়ন বলেন, ৫ থেকে ৭ মিনিট আকাশে উড়ছিল অদ্ভুত এই আলোক রশ্মি। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছে।

 

মানবাধিকার কর্মী সুবল বিশ্বাস বলেন, এটি মেঘ ও সূর্যের আলোর মিথস্ক্রিয়া বা কোনো মিসাইল পরীক্ষার অংশ হতে পারে। দীর্ঘক্ষণ স্থির না থাকায় বিষয়টিতে কৌতুহল থেকে যাচ্ছে।

 

বিষয়টি জানতে মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তাদের মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও কোনো উত্তর মেলেনি।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত