চমেকে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:৪৬ পিএম

৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবিতে যৌক্তিক বলে সংহতি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। পরে তারা হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনরত চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন গত ৩ জুন এসব দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। পরে ৪ জুন ও ৬ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় রোববার (৭ জুন) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার কর্মসূচির দ্বিতীয় দিন চলছে।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দাবিগুলোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আলোচনায় বসলে সংকটের সমাধান সম্ভব। অন্যথায় দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

তবে কর্মবিরতির মধ্যেও হাসপাতালের জরুরি চিকিৎসাসেবাসহ গুরুত্বপূর্ণ সেবা সচল রাখার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

SN
আরও পড়ুন