ফুলগাজীতে পিকআপ-অটো সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

আপডেট : ২৮ জুন ২০২৬, ০১:২৫ এএম

ফেনী জেলার ফুলগাজীতে সিএনজিচালিত পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত  এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদসংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউছার (৩২), ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগরের কাজীবাড়ির ইতালিপ্রবাসী কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার (২০) ও তার মা ফুলগাজীর সোহেল মজুমদারের স্ত্রী জাকিয়া আক্তার (৪০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ফেনী থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ফুলগাজীর দিকে যাচ্ছিলো। 

ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে গিয়ে চালকসহ গুরুতর আহত হন পাঁচজন। 

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

আহত অপর তিনজনকে মুমূর্ষু অবস্থায় ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

ফুলগাজী থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর হাসপাতালে পাঁচজনকে আনা হলে মোহাম্মদ কাউছার ও ওয়াহিদা আক্তার নামের দুজনকে মৃত ঘোষণা করা হয়। তাঁরা দুজন হাসপাতালে আনার পথেই মারা যান। অপর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফেনী জেনারেল হাসপাতালের নেওয়ার পথে তাদের মধ্যে থাকা জাকিয়া আক্তার নামের আরও একজনের মৃত্যু হয়।’

নিহত জাকিয়া আক্তারের বোনের জামাই মিজানুর রহমান বলেন, ‘অসুস্থ ননদকে দেখার জন্য সকালে মেয়েকে নিয়ে পাশের দৌলতপুর গ্রামে গিয়েছিলেন জাকিয়া আক্তার। সন্ধ্যায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে দুজনই নিহত হয়েছেন।’

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধার হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।’

HN
আরও পড়ুন