নিখোঁজের ৮ ঘণ্টা পর উদ্ধার পদকপ্রাপ্ত ডুবুরির মরদেহ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা অপসারণের কাজ করতে গিয়ে স্পিডবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় আট ঘণ্টার তল্লাশি অভিযান শেষে ঘটনাস্থল থেকে অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজারের কুমড়াকান্দি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি গত বছর ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদক লাভ করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনাটি ঘটে। নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজে সাদিকসহ তিনজন সদস্য স্পিডবোটে ছিলেন। কাজ চলাকালে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটের সামনের দিকে অবস্থান করা সাদিক ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, স্পিডবোটে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় সাদিকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তিনি অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত একজন ডুবুরি ছিলেন। তাই গুরুতর আঘাত না পেলে তাঁর এভাবে নিখোঁজ হওয়ার সম্ভাবনা কম ছিল।

নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কোস্টগার্ডের সদস্যরাও অংশ নেন। টানা আট ঘণ্টার অনুসন্ধানের পর সন্ধ্যায় কেরোসিন ঘাট এলাকা থেকে সাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

Attr
আরও পড়ুন
সর্বশেষপঠিত