কারাগারের দেয়াল টপকে পালালো নারী বন্দী, বরখাস্ত ৭

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে কারাগারের দেয়াল টপকে ওই আসামি পালিয়ে যান। ঘটনার পরপরই পুরো কারাগারে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে রিম্পা দেয়াল টপকে পালিয়ে গেছেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামি রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।

SN
আরও পড়ুন