আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় দীর্ঘ ছুটির দারুণ সুযোগ অপেক্ষা করছে। ক্যালেন্ডারের সাধারণ ছুটির সাথে বুদ্ধি খাটিয়ে মাত্র এক দিন করে ছুটি মিলিয়ে নিলেই দুই দফায় চার দিন করে মোট আট দিনের টানা অবকাশ উপভোগ করতে পারবেন কর্মজীবীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও কোনো কর্মী যদি ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারেন, তবে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের বড় ছুটি পেয়ে যাবেন।
একইভাবে, আগস্টের শেষভাগেও রয়েছে অনুরূপ আরেকটি সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এই ক্ষেত্রেও পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ যাপন করা সম্ভব হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি যেসব বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি চালু রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও এই বিশেষ কৌশল কাজে লাগিয়ে দুই দফায় দীর্ঘ ছুটির আনন্দ নিতে পারবেন। এর আগে সর্বশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ ছুটি উপভোগ করেছিলেন সরকারি চাকরিজীবীরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ