সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলা সদরের ছোট দোয়ারপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে এবং পেশায় একজন শিল্পী ছিলেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গুয়ার হাওরের ট্যাকেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ৬ জন পর্যটকের একটি দল ‘হৈমন্তী’ নামের হাউজবোটে চড়ে হাওর ভ্রমণে বের হয়েছিলেন।
সারাদিন হাওরে ঘুরে বিকেলে তারা ট্যাকেরঘাটের শহীদ সিরাজ লেক এলাকা দেখতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে ট্যাকেরঘাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আশিষ।
স্থানীয় বাসিন্দা ও বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চিকিৎসক ছাড়া সিজার, লালপুরে নবজাতকের মৃত্যু