কুমারখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৪৫

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ এএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কুমারখালী শহরের হলবাজার, আমতলা ও ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের ওপর চড়াও হয়। পেছন থেকে আকস্মিক কামড়ে অনেকেই গুরুতর জখম হন।

আহতদের দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ক্ষতস্থানগুলো সাবান ও পানি দিয়ে ধুয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান শুরু করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রত্যয় বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই চিকিৎসাসেবা ও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। রাত পর্যন্ত ২৫ জন আহত ব্যক্তি টিকা নিয়েছেন এবং বাকিদেরও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপর্না লতিফ আহমেদ জানান, ভ্যাকসিনের কোনো সংকট নেই। হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ রয়েছে এবং আগত প্রত্যেককেই জলাতঙ্কের টিকা নিশ্চিত করা হচ্ছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার জানান, পাগলা কুকুরটিকে দ্রুত আটকাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে আলোচনা করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

এইচএন
আরও পড়ুন