সিলেট-তামাবিল মহাসড়কে ১৫ মিনিটের ব্যবধানে দুটি পৃথক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ও কাটাগাং এলাকায় ঘটে যাওয়া এই ট্র্যাজেডিতে শিশু ও নারীসহ ৩ জন প্রাণ হারিয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে, বিরাইমারা সেতুর পাশে। সেখানে দুটি প্রাইভেটকারের তীব্র মুখোমুখি সংঘর্ষ হলে একাধিক যাত্রী আশঙ্কাজনকভাবে আহত হন।
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিন মাসের শিশু আয়াতের মৃত্যু হয়। শিশুটি গোয়াইনঘাটের পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের সন্তান; দুর্ঘটনায় তার মা মারজানা আক্তারও (৩৫) মারাত্মক আহত হয়েছেন।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর ঠিক ১৫ মিনিট আগে দুপুর সোয়া ১২টার দিকে ফেরিঘাট কাটাগাং এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে একটি পাথরবোঝাই ট্রাকের বিকট সংঘর্ষ হয়।
এই ঘটনায় গুরুত্বর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষ মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত এসআই আনোয়ারুল ইসলাম।
একই দুর্ঘটনায় আহত হয়ে কোতোয়ালী থানার পল্লবী রোডের কাওসার (৪৮), তার ১০ বছরের মেয়ে আতিশা এবং ১৬ বছরের ছেলে আলিফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উভয় ঘটনায় অন্তত ১০ জন চিকিৎসাধীন রয়েছে।
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, আহত ৫০
গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ