টানেলে রেস করায় ৫ গাড়ি জব্দ, দুই চালক গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০২:০৪ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে রেসিং করায় ৫টি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ২ চালককে। পরে এ সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।

জব্দকৃত গাড়িগুলো হলো—চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩ এবং চট্টমেট্রো-গ-১৪-২২৫৪।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরীর আলকরণের হক ম্যানশনের আনসারুল হকের ছেলে আশরাফুল হক (৩৫) এবং তুলাতলির সোলায়মান সওদাগরের ছেলে এমরান উদ্দিন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, টানেল কর্তৃপক্ষের করা মামলায় দোষীদের গ্রেপ্তার ও গাড়ি জব্দে কাজ শুরু করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। বাকি দুটি গাড়িও জব্দ করা হবে।

SN
আরও পড়ুন