গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাসের চাপায় চঞ্চলা মজুমদার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চলা মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অরুণ মজুমদারের স্ত্রী।
এদিকে এই ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীরা।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার ভেন্নাবাড়ীতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন চঞ্চলা। এ সময় গোপালগঞ্জে থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি লোকাল বাস চঞ্চলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে দোষীদের শাস্তির আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

