তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমের বিকাশ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না। সকল বাস্তবতায় আমরা গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সকল ধরনের সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছি। যতক্ষণ না গণমাধ্যম শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হবে ততক্ষণ আমরা সাথে আছি।
শুক্রবার (১ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম কিভাবে সরকারকে সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে জবাবদিহিতায় আনতে পারে, এমনকি সমালোচনাও করতে পারে সেটিকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমি যে কথাটি গত কিছুদিন ধরে বলে আসছি এবং এখনো বলছি-আপনাদের সাথে নিয়ে ওই গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে চাই।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় চাঁদপুরের কৃতি সন্তান অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক কবির বকুল এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে।

