বানারীপাড়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
বরিশালের বানারীপাড়া উপজেলায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আলমারি ভেঙে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
মঙ্গলবার (৯ জুন) সকালে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
 
জানাগেছে, সোমবার( ৮ জুন) মধ্যরাতে উপজেলার মাছরং গ্রামে এই দুধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল দুটি আলমারি ভেঙে ৩ ভরি স্বর্নালংকার, ৪ ভরি রূপার অলংকার নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। এসময় ঘরের মধ্যে সকল সদস্যরা থাকলেওে  তারা কেউ ডাকাতি হওয়ায় কোন শব্দ পাননি।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগে রাতের খাবার শেষে আব্দুস সালেক মিয়া, তার স্ত্রী শামসুন্নাহার এবং দুই ছেলে ও পুত্রবধূ নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙলে বড় ছেলের স্ত্রী দেখতে পান, তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে ডাকাডাকির একপর্যায়ে বাড়ির অন্যরা দরজা খুলে দেন।
 
এরপর বাড়ির বাইরে রান্নাঘরের পাশে বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানে আব্দুস সালেক মিয়া ও তার স্ত্রীর পাসপোর্ট পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, এসব কাগজপত্র ঘর থেকে বাইরে আনা হয়েছে। পরে ছোট ছেলের কক্ষে থাকা স্টিলের আলমারি ভাঙা অবস্থায় এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে দেখে তারা ডাকাতির বিষয়টি নিশ্চিত হন।
আব্দুস সালেক মিয়ার বড় ছেলে মাহমুদুল হাসান শোভন বলেন, ‘ডাকাতরা ছাদের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। ছাদের দরজার পাশে একটি বড় আকারের শাবল পাওয়া গেছে। এছাড়া ঘরের ভেতরে কেমিক্যালের গন্ধ পাওয়া যাচ্ছিল। আমাদের ধারণা, ডাকাতরা ক্লোরোফর্ম বা অজ্ঞান করার কোনো রাসায়নিক ব্যবহার করেছে। তা না হলে ছোট ভাইয়ের বিছানার একেবারে পাশেই স্টিলের আলমারি ভাঙা হলেও কেউ কিছু টের পায়নি।’
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে।
MCH
আরও পড়ুন