আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

বুধবার (৫ আগস্ট) উপজেলার চকশ্যাম ব্রিজসংলগ্ন একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন চকশ্যাম ব্রিজের পাশে নির্জন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় হাঁসুয়া, একটি বাঁশের লাঠি, একটি তালা কাটার যন্ত্র, একটি হেক্সো ব্লেড, চারটি রড ও লম্বা একটি প্লাস্টিকের দড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

MU/YA
আরও পড়ুন