বরিশালে নদী থেকে অটোরিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

বরিশালে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক অটোরিকশাচালকের বস্তাবন্দি মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নাজমুল হোসেন (২৫)। তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি গ্রামের বাসিন্দা এবং আব্দুল রশিদ মোল্লার ছেলে।

সোমবার (১৫ জুন) সকালে নগরীর কালিজিরা নদীর পূর্ব তীর এলাকায় মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে একটি বস্তার মধ্যে আংশিক মোড়ানো অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর সেটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার সকালে নাজমুল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য বাড়িতে ফিরে সন্তানকে দেখে আবার বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

নাজমুলের স্ত্রী নীপা বেগম বলেন, সেদিন রাতে পরিবারকে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

নিখোঁজের ঘটনায় রোববার নাজমুলের বাবা আব্দুল রশিদ মোল্লা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশের দাবি, ঘটনার রহস্য উদঘাটন এবং সম্ভাব্য অপরাধীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

MCH
আরও পড়ুন