​বরগুনায় ৩ হাজার ৫শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম

বরগুনায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে মাদকের একটি বড় চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে আগে থেকেই বরগুনা বাস টার্মিনাল এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে ডিবি পুলিশের একটি দল।

​চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সন্দেহভাজন বাসটি বরগুনা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর বাসে থাকা মাদক কারবারি সাখাওয়াত হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

​প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত