ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লালমোহন থানাধীন ধলীগৌরনগর নতুন সুইচগেট সংলগ্ন মেঘনা নদী এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ চারজনকে আটক করা হয়।
পরে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন, পিরোজপুর সদর উপজেলার সংকর পাশা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. রাজিব, ভোলার দোলারহাট থানার আহমদপুর গ্রামের নূর মোহাম্মদ জমাদারের ছেলে আব্দুল খালেক, লালমোহনের ধলীগৌরনগর ৭ নম্বর ওয়ার্ডের মো. মোকলেছুর রহমানের ছেলে মো. আকবর এবং বরিশালের উজিরপুর সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত আব্দুর রফ মুন্সীর ছেলে মো. রাজু।
কোস্ট গার্ড জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।
নিখোঁজের একদিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ব্যবসায়ীর