বরিশালের বাবুগঞ্জে বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকা-শিকারপুর ব্রিজের পশ্চিম পাশের রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহানা বেগম রাকুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী এবং একই মাদরাসার সহকারী শিক্ষক (মৌলভী) ছিলেন।
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, সকালে শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রেহানা বেগম। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মাদরাসার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
রেহানা বেগমের মৃত্যুর খবর মাদরাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিচার ও মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চালককে আটকের আশ্বাস এবং লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করা হলে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষতি
ভাদ্রের পাকা তালে ঘরে ঘরে পিঠা-পায়েসের ধুম