মিয়ানমার থেকে বাংলাদেশে আনার সময় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া খালে যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। বেলা ২টার দিকে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে টেকনাফে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া সেতু এলাকা হয়ে উলুচামারীর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
এ অবস্থায় নৌবাহিনী হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মাদক কারবারিরা রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে নৌবাহিনী দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশে অভিযান চালায়। বিষয়টি আঁচ করতে পেরে বস্তাভর্তি ইয়াবা রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিমানযাত্রীর পেটে মিললো ৬৩৭৮ ইয়াবা
