কুমিল্লায় ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষের ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। 

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন এসে ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে এবং রেললাইনে আটকে থাকা বাসটিকে সরিয়ে দেয়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল নির্বিঘ্ন রয়েছে।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি অন্তত আধা কিলোমিটার ছেঁচড়ে সামনে চলে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১২ জনে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজে অংশ নেয়। আখাউড়া থেকে একটি বিশেষ রিলিফ ট্রেন এসে ৫ ঘণ্টার চেষ্টায় লাইন পরিষ্কার করতে সক্ষম হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) নিহত ১২ জনের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃতদেহ শনাক্তের কাজ চলছে।

NB/
আরও পড়ুন