ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীর গলাকাটা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে ওই ইউনিয়নের নুর আহাম্মদ মাস্টার বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, একটি দোকান নিয়ে বিরোধের জেরে হয়তো পারভেজ হত্যাকান্ডের শিকার হয়েছে।
নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে তিনি সর্বশেষ ছেলে পারভেজকে দেখেছিলেন। শনিবার সকালে নিজ বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পারভেজের ঝগড়া ও হাতাহাতি হয়েছিল। ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেন পারভেজের বাবা।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, নিহত পারভেজ এবং অভিযুক্ত মামুন ও শাহাদাতের নামে থানায় বেশকিছু মামলা রয়েছে। কিছুদিন আগেও তারা জেল পার্টনার ছিল। জামিনে বের হয়ে আসার পর উভয়ের মধ্যে বিরোধ বেড়েছে। ওই বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, নিহতের পরিবার ও প্রতিবেশীরা এমনটাই দাবি করছে। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে আইনগত ব্যবস্থা নেবে।
পাগলা মসজিদের দানবাক্সে ফুটবলপ্রেমীর আবেগঘন চিঠি
১২ দফা দাবিতে ঝিনাইদহে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ