কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম

দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে রয়েছে। এর ফলে কক্সবাজার রুটে সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

আকস্মিক এই সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শত শত সাধারণ যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বুধবার (৮ জুলাই) ভোররাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমানের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও লাইন থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত এই রুটে যোগাযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে।

এতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে গণমাধ্যমকে আনিসুর রহমান বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলপথ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন। আর যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

YA
আরও পড়ুন