কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

কুমিল্লায় ফুটবল বিশ্বকাপের দল সমর্থনকে কেন্দ্র করে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সুত্রে দিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের ওপর হামলা করেন। এ সময় মারধরের কারণে শরিফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

NM/YA
আরও পড়ুন